নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মো. শাহাদাত (৩০), মো. জায়েদ (২৫), মো. আব্বাস (৩০), অনিক (৩০) ও মো. ফরহাদ (২৫)সহ কয়েকজন যুবক রিয়াজকে বাড়ি থেকে ডেকে শাহ মজিদিয়া মার্কেট এলাকার একটি দোকানে নিয়ে যান। সেখানে রিয়াজের ব্যবহৃত মোবাইল ফোনটি নিজেদের বলে দাবি করে তাঁরা তাঁর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে কাঠের বাটাম দিয়ে রিয়াজকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মারধরের একপর্যায়ে প্রাণ বাঁচাতে রিয়াজ পাশের একটি ফার্মেসিতে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা তাঁকে সেখান থেকেও টেনেহিঁচড়ে বের করে সড়কে নিয়ে আবারও মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে তাঁরা পালিয়ে যান।
স্থানীয় লোকজন ও স্বজনেরা রিয়াজকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
নিহতের মা রোজিনা আকতার অভিযোগ করেন, বন্ধুদের হামলায় তাঁর ছেলের মাথা, নাক ও মুখ মারাত্মকভাবে জখম হয় এবং কয়েকটি দাঁত ভেঙে যায়। তাঁদের বেধড়ক মারধরের কারণেই ছেলের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। ছেলের চিকিৎসা ও স্বজনদের সঙ্গে আলোচনা নিয়ে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
The post সাতকানিয়ায় বন্ধুর পিটুনিতে যুবকের মৃ’ত্যু’ appeared first on ভোরের চেতনা.
