সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
প্রথমবার জুটিতে আদিত্য-তারা
বলিউডের পর্দায় আসছে এক নতুন জুটি। অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে রোমান্টিক থ্রিলারে জুটি বাঁধছেন অভিনেত্রী তারা সুতারিয়া। মিলাপ মিলন জাভেরির পরিচালনায় আসছে এই মিউজিক্যাল ড্রামা।এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত 'মরজাভা' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা সুতারিয়া এবং পরিচালক মিলাপ জাভেরি। তবে এই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন আদিত্য ও তারা।
বিতর্কে মুখ খুললেন কৃতি
বলিউড অভিনেত্রী কৃতি স্যানন সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর একটি বিজ্ঞাপণকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। একটি গয়নার ব্র্যান্ডের রাখীবন্ধনের বিজ্ঞাপনে তাঁর পোশাকের ধরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলের মুখে পড়েছিলেন তিনি। করিনা কাপুরের শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট'-এর নতুন পর্বে কৃতি জানান যে, এই বিতর্ক শুধু তাঁর একার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং নারীদের পোশাক এবং পছন্দ নিয়ে সমাজের নেতিবাচক সমালোচনার এক বড় রূপ। অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, যাঁরা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা বলেন, তাঁরাই সবচেয়ে বেশি কুরুচিকর ও অপমানজনক ভাষা ব্যবহার করে তাঁর মা ও বোনের সোশ্যাল মিডিয়া পেজে আক্রমণ চালিয়েছিলেন।
https://www.youtube.com/watch?v=ixVZIaFsQVc&t=2s
মাঝপথেই বন্ধ করে দেওয়া হল শিল্পার গান
নির্ধারিত সময়ের গণ্ডি ও নানা অব্যবস্থাপনার কারণে জনপ্রিয় গায়িকা শিল্পা রাওয়ের লাইভ পারফর্মেন্স মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, গান গাওয়ার মাঝেই তার মাইক্রোফোনের সংযোগ কেটে দেওয়া এবং অনুরাগীদের ধন্যবাদ জানানোর সুযোগ না দেওয়ায় উপস্থিত দর্শকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শিল্পার প্রতি এই আচরণকে তারা ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেন। পরিস্থিতি বেগতিক দেখে পরে ইভেন্টের আয়োজকরা শিল্পার কাছে ক্ষমা চান। তারা জানান, নির্ধারিত সময়সীমা ও স্থানীয় প্রশাসনের কড়া নিয়মের কারণে অনুষ্ঠানটি দীর্ঘায়িত হওয়ায় বাধ্য হয়েই শিল্পার পারফর্মেন্স অসম্পূর্ণ রাখতে হয়েছে
