AFC-তে জয়ের খোঁজে ইস্টবেঙ্গল, কী বলছেন তারকারা?ছবি: AI নির্মিত
Published on
:
2 min read
ইন্ডিয়ান সুপার লিগে (ISL) শুরুটা দারুণ করেছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। পরপর দু’টি অ্যাওয়ে ম্যাচে দাপুটে জয় পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। গোয়ায় চার্চিল ব্রাদার্সকে ৪-০ গোলে হারানোর পরে পুনেতে ইন্টার কাশীকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আন্তোনিও লোপেস হাবাসের ছেলেরা। এ বার ইস্টবেঙ্গলের সামনে AFC চ্যাম্পিয়ন্স লিগ টু-র চ্যালেঞ্জ। প্রথম দুই ম্যাচে লড়াই করেও জয় আসেনি। মঙ্গলবার, অর্থাৎ ২৭ অক্টোবর ওমানে আল সীবের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। তিন পয়েন্টের লক্ষ্যে কী হবে স্ট্র্যাটেজি? মুখ খুললেন চার ফুটবলার।
সিনিয়র হিসেবে বাড়তি দায়িত্ব দানি রামিরেজ়ের
ইস্টবেঙ্গলের স্প্যানিশ ফুটবলার দানি রামিরেজ় মনে করেন, ঐক্যই দলের সবচেয়ে বড় শক্তি। তাঁর কথায়, ‘একতাই আমাদের দলের শক্তি। প্রত্যেকেই জার্সির গুরুত্ব বুঝে খেলেন। কোচ হাবাস ড্রেসিংরুমে দারুণ পরিবেশ ও সংহতি তৈরি করেছেন।’ চলতি মরশুমে ইতিমধ্যেই চার বার ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচের প্রথম গোল করেছেন রামিরেজ। সিনিয়র ফুটবলার হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কেও সচেতন তিনি। রামিরেজ বলেন, ‘ওমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সূচি যতই কঠিন হোক, চ্যাম্পিয়নরা অজুহাত দেয় না। তিন পয়েন্ট নিয়ে ফেরাই লক্ষ্য।’
প্রথম গোল করে খুশি পিভি বিষ্ণু
ইন্টার কাশীর বিরুদ্ধে গোল করে চলতি ISL-এ গোলের খাতা খুলেছেন পিভি বিষ্ণু। সেই সাফল্যে খুশি তিনি। বিষ্ণুর কথায়, ‘এই মরশুমে প্রথম গোল করতে পেরে দারুণ লাগছে। কোচ হাবাস আমাকে নিজের মতো খেলার স্বাধীনতা দিয়েছেন। তাই এশিয়ার মঞ্চে আল সীবের বিরুদ্ধে ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই।’
লোবার নজর ঘুরে দাঁড়ানোর দিকে
ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে সুযোগ পেয়েই নজর কেড়েছেন আকে লোবা। দলের পাঁচটি গোলের মধ্যে চারটিতে তাঁর অবদান ছিল। এ বার AFC-তে প্রথম জয়ের খোঁজে আল সীবের বিরুদ্ধে ম্যাচেই ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন লোবা। তাঁর কথায়, ‘ACL 2-তে প্রথম দুই ম্যাচে দল ভালো খেলেও জয় পায়নি। ওমানে এই অ্যাওয়ে ম্যাচে সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ রয়েছে।’
অভিষেকেই গোল, আত্মবিশ্বাসী জ়ভোলিনস্কি
ইন্টার কাশীর বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমে ISL-এ অভিষেক ম্যাচেই গোল করেছেন লুকাস জ়ভোলিনস্কি। এই গোল তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানিয়েছেন তিনি। পোল্যান্ডের এই ফুটবলার বলেন, ‘অভিষেকেই গোল আমার আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়েছে। দুর্দান্ত অ্যাসিস্টের জন্য ক্রিস ইকনোমিডিসকে কৃতিত্ব দিতে হবে। আমি শুধু ঠিক সময়ে জায়গায় ছিলাম ফিনিশের জন্যও। যত বেশি খেলার সুযোগ পাব, পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে তত দ্রুত মানিয়ে নিতে পারব।’
