স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। মঙ্গলবার ভোরে সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এসময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানিয়েছে, সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, তামাবিল, কালাইরাগ, প্রতাপপুর, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট ও সংগ্রাম বিওপির আওতাধীন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় গরু, টমেটো, জিরা, বিভিন্ন ধরনের ফল, মহিষ, কম্বল, সোয়েটার, সাবান, চকলেট, বাসমতি চাল, ফুচকা ও জুস জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি শিং মাছ এবং অবৈধ বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকাও আটক করা হয়।
জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৯ লাখ ৩৩ হাজার টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত পণ্যের ব্যাপারে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।
