খুলনা মহানগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকায় পৃথক সময়ে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ফুলবাড়ীগেট ও এর আশপাশের এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নগরীর ফুলবাড়ী মীরেরডাঙ্গা এলাকার নূর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম এবং জয়নাল আবেদীন নামের এক বৃদ্ধ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘শিপসা এক্সপ্রেস’ ট্রেনটি ভোর ৫টা ৪০ মিনিটে ফুলবাড়ীগেট রেলক্রসিংয়ের কাছাকাছি পৌঁছালে ট্রেনের ধাক্কায় মাহাফুজুল ইসলাম সিয়াম নিহত হন।
অপরদিকে, এ ঘটনার স্থান থেকে মাত্র ১০০ গজ দূরে সকাল ৯টার দিকে ঈশ্বরদী থেকে খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন নামের ওই বৃদ্ধ মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক (এসআই) এসএম রায়হান। তিনি জানান, সিয়ামের মৃত্যু সন্দেহজনক মনে হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জয়নাল আবেদীন মানসিক ভারসাম্যহীন ছিলেন।