মাকে জ্যান্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল তেলঙ্গানার এক তরুণের বিরুদ্ধে। কারে দুর্গেশ নামে ২১ বছর বয়সি ওই তরুণকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, মহিলা ‘কালোজাদুর’ চর্চা করতেন বলে সন্দেহ করতেন দুর্গেশ। গ্রামে অতীতে কয়েক জনের মৃত্যুর জন্যও মাকেই দায়ী করতেন তিনি। এ সব সন্দেহের বশেই তিনি মায়ের গায়ে ডিজ়েল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪০ বছর বয়সি মহিলার।
পুলিশ সূত্রে খবর, ধৃত তরুণ পেশায় অটোচালক। কাজের সূত্রে থাকতেন হায়দরাবাদে। দিন দশেক আগে মেদক জেলায় গ্রামের বাড়িতে ফিরেছিলেন তিনি। গত শনিবার সেখানেই মায়ের সঙ্গে বচসা হয় অভিযুক্তের। সূত্রের খবর, অশান্তির সময়ে অটো থেকে ডিজ়েল বার করে মায়ের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন দুর্গেশ। পুলিশের অনুমান, মত্ত হয়ে এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন অভিযুক্ত তরুণ।
মৃত মহিলা যে ‘কালোজাদু’ বা ‘তন্ত্র-মন্ত্রের’ সঙ্গে জড়িত ছিলেন, প্রাথমিক তদন্তে এমন কোনও তথ্য পায়নি পুলিশ। তদন্তকারী আধিকারিকেরা জানিয়েছেন, তাঁরা গ্রামে গিয়ে এলাকাবাসীদের সঙ্গে কথা বলছেন। তবে মৃতের পুত্র যে দাবি করছেন, সে বিষয়ে কোনও প্রমাণ মেলেনি। পুলিশের এক আধিকারিকের কথায়, “আমরা তদন্তে ‘তন্ত্র-মন্ত্রের’ কোনও প্রমাণ পাইনি। আমরা বেশ কয়েক জন গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি। তবে মহিলা যে এমন কোনও কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, তা কেউ-ই বলেননি।”
কী কারণে মহিলাকে হত্যা করা হল, সে বিষয়ে আরও বিশদ তথ্য সংগ্রহের জন্য ধৃতকে জেরা শুরু করেছেন তদন্তকারীরা। পারিপার্শ্বিক পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে। পারিবারিক কোনও অশান্তি বা আর্থিক কোনও বচসার জেরে এই কাণ্ড ঘটেছে কি না, তা-ও তদন্তের আওতায় রাখা হচ্ছে বলে সূত্রের খবর।
