সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানী। এমন ঘটনাকে অশনিসংকেত হিসেবে উল্লেখ করে আসিফের দীর্ঘায়ু কামনা করেছেন তিনি। একই সঙ্গে শিল্পীর সুস্থতা ও নিরাপত্তার জন্য দোয়া করেছেন এই অভিনেতা। শনিবার ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে পার্কিং করে রাখা আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ভোর সাড়ে ৫টার দিকে ঘটে এ ঘটনা। তবে সে সময় গাড়িতে ছিলেন না আসিফ। এতে কেউ হতাহতও হননি। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মগবাজারে আসিফের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। সেখানকার কাছেই বিশাল সেন্টারের সামনে গাড়িটি রাখা ছিল। ভোরের দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে নিজের ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ভালো রাখুন তোমাকে।’ আসিফের গাড়িতে গুলির ঘটনায় উদ্বেগের পাশাপাশি তাঁর প্রতি শুভকামনাও জানিয়েছেন ওমর সানী। অন্যদিকে ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
