শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটসহ সারাদেশে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে এসব প্রতিষ্ঠান। ফলে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সময় দুই ঘণ্টা কমছে।
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে সরকার চলতি বছর কয়েক দফায় দোকানপাট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে। সর্বশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ। সেই সময়সীমা শেষ হওয়ায় শুক্রবার থেকে আগের সময়সূচি কার্যকর হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। ২৩ অক্টোবর থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম বহাল থাকবে।
প্রসঙ্গত, চলতি বছর জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট বন্ধের সময় একাধিকবার পরিবর্তন করা হয়। এপ্রিলের শুরুতে শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়। কোরবানির ঈদ সামনে রেখে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এরপর জুনে সময়সীমা রাত ৯টা নির্ধারণ করা হয়।
পরবর্তী সময়ে গত ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা করা হয়। তখন থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা কার্যকর ছিল।
দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হলেও নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় আবারও আগের নিয়মে ফিরছে দোকানপাট ও বিপণিবিতান।
The post সিলেটে শপিংমল ও দোকানপাট ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে first appeared on .
