ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) মঞ্চে এর আগে তিন ম্যাচেই টানা হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার সামনে ছিল শক্তিশালী ভারত চ্যাম্পিয়নস। এই ম্যাচে এসে ঠিকই জয় তুলে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। যুবরাজ-আম্বাতি রাইডুদের নিয়ে গড়া ভারতীয় দলকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। জবাবে ৮ উইকেটে ১৩৮ রানের বেশি করতে পারেনি যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারত।
বাংলাদেশের জয়ের নায়ক বোলাররা; বিশেষ করে এনামুল হক জুনিয়রের ঘূর্ণিতে দিশাহারা হয়ে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। এ ছাড়া আবু জায়েদ রাহী তুলে নেন ২ উইকেট। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক যুবরাজ সিং। শুরুতে ইমরুল কায়েস ৬ বলে ১০ রান করে ফিরলেও রনি তালুকদারের ব্যাটে এগিয়ে যায় বাংলাদেশ। ২৫ বলে ৪০ রান করেন রনি। তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।
তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ফজলে মাহমুদ ৩, জহুরুল ইসলাম ৬ ও অধিনায়ক মাহমুদউল্লাহ ১ রান করে আউট হন। একপর্যায়ে চাপে পড়ে যাওয়া দলকে সামাল দেন নাসির হোসেন ও আরাফাত সানি। নাসির ২১ বলে ২৪ এবং আরাফাত ৩৮ বলে ৩৭ রান করেন। শেষদিকে আবু জায়েদের ১০ রানের ইনিংসে ১৪১ রানে পৌঁছায় বাংলাদেশের সংগ্রহ। জবাবে শুরু থেকেই চাপে পড়ে ভারত। আম্বাতি রাইডু ৩, যুবরাজ সিং শূন্য এবং রবিন উথাপ্পা ১৫ রান করে ফিরে যান। মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত।
এরপর ইরফান পাঠান ৪১ বলে ২৪ রান করে ইনিংস মেরামতের চেষ্টা করেন। রিশি ধাওয়ান ১৮ বলে ২৪ রান করে লড়াইয়ে ফেরানোর ইঙ্গিত দেন। শেষদিকে পবন নেগি ১৪ বলে ২৬ এবং পীযূষ চাওলা ১৮ বলে ২৪ রান করে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি ভারত। বাংলাদেশের বোলারদের মধ্যে এনামুলের পাশাপাশি আবু জায়েদও ছিলেন কার্যকর। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। রুবেল হোসেন ও কামরুল ইসলাম নেন একটি করে উইকেট।