আজকাল ওয়েবডেস্ক: ২০২৭ আইপিএলে ফের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরতে পারেন রোহিত শর্মা। ফ্র্যাঞ্চাইজির শীর্ষ কর্তারা রোহিতকে আবার নেতৃত্বে ফেরানোর কথা ভাবছেন। এমন হলে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে। রোহিতের নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বই। ২০২৪ সালে হার্দিক গুজরাট টাইটান্স থেকে ফেরার পর রোহিতকে সরিয়ে তাঁকে অধিনায়ক করা হয়। তবে প্রথম মরশুমে মুম্বই শেষ করে লিগের তলানিতে। ২০২৫ সালে প্লে-অফে উঠলেও এখনও ভারতীয় অলরাউন্ডারের অধীনে তেমন সাফল্য পায়নি মুম্বই।
হার্দিককে ট্রেড করার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। রাজস্থান রয়্যালসের সঙ্গে কথাবার্তার খবর সামনে এলেও, এখনও কোনও কিছুই চূড়ান্ত হয়নি। সম্ভাব্য ট্রেডে যশস্বী জয়সওয়ালের নামও আলোচনায় রয়েছে। তরুণ ভারতীয় ওপেনারকে পেলে মুম্বইয়ের ব্যাটিং শক্তিশালী হওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্যও দল উপকৃত হতে পারে। সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার নামও অধিনায়ক হিসেবে আলোচনায় ছিল। হার্দিকের অনুপস্থিতিতে সূর্য নেতৃত্ব দিয়েছেন। আর তিলককে দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে দেখা হচ্ছে। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৭-এর জন্য মুম্বই অভিজ্ঞ রোহিতকেই অগ্রাধিকার দিতে পারে।
রোহিতের বয়সও গুরুত্বপূর্ণ বিষয়। ২০২৭ আইপিএলের সময় তাঁর বয়স হবে প্রায় ৪০। তাই তাঁকে ফের অধিনায়ক করা হলেও, মুম্বইকে একইসঙ্গে পরবর্তী প্রজন্মের নেতৃত্বের পরিকল্পনাও করতে হবে। এখনও কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে রোহিতকে ফের অধিনায়ক করা হলে, পাঁচবারের চ্যাম্পিয়ন অধিনায়কের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুম্বই আবার সাফল্যের সরণিতে ফিরতে চাইবে। বর্তমানে এমনই ইঙ্গিত মিলছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু বলা যায় না। কারণ দৌড়ে সমানভাবে রয়েছেন সূর্যকুমার। তাঁর নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। তাই শেষপর্যন্ত তাঁর হাতে নেতৃত্বের ব্যাটন গেলেও অবাক হওয়ার কিছু নেই।
