স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর পল্লবীতে একটি পূজামণ্ডপে প্রতিমা ভাঙার চেষ্টার অভিযোগে মো. হাসান ইসলাম তুষার (২৫) নামে এক যুবককে আটক করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। এ সময় তার ব্যাগ থেকে হাতুড়ি, বাটাল, ছেনিজাতীয় সরঞ্জাম ও একটি বড় দা উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে পল্লবী থানার বাউনিয়াবাদ রবিদাস পাড়া এলাকার সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দিরের পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শনার্থীর বেশে পূজামণ্ডপে প্রবেশ করা ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী সেকশন কমান্ডার এপিসি মো. আবুল খায়ের তাকে নজরদারিতে রাখেন। একপর্যায়ে ওই যুবক মন্দিরের বাঁশের বেষ্টনী অতিক্রম করে প্রতিমার কাছে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটক হাসান ইসলাম তুষার পল্লবীর বাসিন্দা। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিভিন্ন সরঞ্জাম ও বড় দা পাওয়া যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পল্লবী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আনসার বাহিনী।
