শিক্ষার পাশাপাশি নৈতিকতা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক শিক্ষার দিকে নজর না দিয়ে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন অনেক সময় বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লক্ষ্মীপুর সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষা মানুষের চিন্তাশক্তি বাড়ায় এবং সত্য-মিথ্যা ও পক্ষপাতের মধ্যে পার্থক্য করতে শেখায়। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে শুধু একটি চাকরি পাওয়াই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হতে পারে না। শিক্ষার সঙ্গে নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রকৃত শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা বজায় রাখতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং মানবকল্যাণ ও সমাজের উন্নয়নে নিজেদের নিয়োজিত রাখতে হবে। পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমকে অগ্রাধিকার না দিলে এবং খেলাধুলার সঙ্গে নিজেদের সম্পৃক্ত না করলে শিক্ষা সমাজব্যবস্থাকে শক্তিশালী করতে পারবে না। সমাজকে শক্তিশালী করতে নৈতিকতা, সামাজিক অবদান ও নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার দিকে নজর দিতে হবে।
পানিসম্পদমন্ত্রী বলেন, একসময় হাতে-কলমে শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিতে হতো। তখন ইলেকট্রনিক মিডিয়া কিংবা স্মার্টফোন ছিল না। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগ। এআইকে কীভাবে কাজে লাগানো হবে, তা নির্ভর করবে ব্যক্তির দক্ষতা ও উদ্দেশ্যের ওপর। এআই প্রযুক্তির মাধ্যমে শিক্ষকের সহযোগিতাও নেওয়া সম্ভব। চতুর্থ শিল্পবিপ্লবের ফলে নানা সুযোগ তৈরি হয়েছে। এআই কাজে লাগিয়ে চেষ্টা করলে লক্ষ্যে পৌঁছানো অনেক সহজ হতে পারে।
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি।
