সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১ জন মানব পাচারকারীসহ ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বিজিবি বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ অক্টোবর রাত ৯টা ৪০ মিনিটে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর বাঁশতলা বিওপির বিশেষ টহল দল দোয়ারাবাজার উপজেলার আরমানছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃত মানব পাচারকারী হলো, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মো. আমির (২২)। আটককৃত ২ বাংলাদেশি নাগরিক হলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের লিংকন নগর গ্রামের মো. হযরতের ছেলে মো. আবুল হোসেন (৪২) এবং একই জেলার শার্শা উপজেলার শার্শা ইউনিয়নের বেনাপোল গ্রামের নবিস উদ্দিনের মেয়ে ফাতেমা (১৮)।
এ সময় আরও ২ জন পাচারকারী পালিয়ে যায়। তারা হলো, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. অনিক মিয়া (২৪) এবং একই গ্রামের নওশা খাঁর ছেলে মো. আলাউদ্দিন (৫৪)।
বিজিবি জানায়, আটককৃত ২ নাগরিক ভারতে তাদের আত্মীয়-স্বজনের কাছে যাওয়ার জন্য দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন।
এ বিষয়ে ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে মানব পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের দোয়ারাবাজার থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
