বিশ্ব থেকে পোলিও নির্মূল ও শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বানে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র্যালি ও আলোচনা সভা করেছে রোটারি ইন্টারন্যাশনালের নারায়ণগঞ্জের বিভিন্ন ক্লাব।
শনিবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৯টায় নারায়ণগঞ্জ সিটি পার্ক থেকে র্যালিটি শুরু হয়। নগরীর ২ নম্বর রেলগেট হয়ে জিমখানা ব্রিজ প্রদক্ষিণ করে পুনরায় সিটি পার্কে এসে শেষ হয় র্যালি।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পোলিও নির্মূলে রোটারি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে। শিশুদের নিয়মিত টিকাদান, জনসচেতনতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে এ রোগ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। পোলিও প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা এবং কোনো শিশুই যেন টিকাদানের বাইরে না থাকে, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
পোলিও নির্মূলে রোটারি ইন্টারন্যাশনাল ১৯৮৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফসহ বিভিন্ন অংশীদারের সঙ্গে গ্লোবাল পোলিও এর্যাডিকেশন ইনিশিয়েটিভে (জিপিইআই) যুক্ত হয়। সংস্থাটির পোলিওপ্লাস কর্মসূচির আওতায় এ পর্যন্ত ২৯০ কোটি মার্কিন ডলারের বেশি অনুদান দেওয়া হয়েছে। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও নির্মূলে টিকাদান ও রোগ নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সভাপতি আব্দুল কাদির জিলানী, সাধারণ সম্পাদক ইব্রাহিম শেখ, সদস্য আনন্দ ইউসুফ, এমরান আলী সজীব, লুৎফর রহমান কাঁকন, ইব্রাহিম হোসেন, এ কে এম আবিদুজ্জামান, রইসুল ইসলাম মিলনসহ বিভিন্ন রোটারি ক্লাবের সভাপতি ও সদস্যরা।
বক্তারা পোলিওমুক্ত বিশ্ব গড়তে নিয়মিত টিকাদান, জনসচেতনতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
