জহিরুল ইসলাম
ঝিকরগাছা যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় পূজা দেখতে যাওয়ার পথে গরুবাহী নসিমনের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ঝিকরগাছার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। তাঁদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পূজা দেখতে বাড়ি থেকে বের হন সাধন কুমার। পথে ফুলতলা এলাকার কাউন্সিল রোডে তাঁদের বহনকারী ভ্যানটির সঙ্গে গরুবাহী একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশু শোভন ও দিশার মৃত্যু হয়। দুর্ঘটনায় সাধন কুমার, তাঁর স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা সামান্য আহত হন।
এ ঘটনায় নসিমনের চালক ও তাঁর এক যাত্রীও গুরুতর আহত হয়েছেন। আহত চালককে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছিল।
একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছে সাধন কুমারের পরিবার। আনন্দের সঙ্গে পূজা দেখতে বেরিয়ে এমন মর্মান্তিক পরিণতি পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে এসেছে। এ ঘটনায় মিশ্রীদেয়াড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
The post ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ভাইবোনের মৃত্যু appeared first on sokalerkhobor24.com.
