শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও র্যালি
কুলসুম আকতার পুতুল, শরণখোলা : বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় ‘দুর্যোগ সহনশীলতা শুরু হোক নিজের ঘর থেকে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিডিডির সহযোগিতায় উপকূলীয় যুব নেতৃত্বাধীন সংগঠন কোস্ট ইয়ুথ এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলার আর.কে.ডি.এস. সম্মিলিত পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ে আলোচনা সভা ও দুর্যোগবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এইচ. সেলিমের সভাপতিত্বে এবং কোস্ট ইয়ুথের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিডির প্রকল্প কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম, মনিটরিং অফিসার প্রতীক কুমার, অ্যাডভোকেসি অফিসার সূচনা ইতি, ফিল্ড ফ্যাসিলিটেটর সুমি আক্তার, আরিফা আক্তার ও সেলিম হোসেনসহ কোস্ট ইয়ুথের সদস্যরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘দুর্যোগপূর্ব প্রস্তুতি’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দুর্যোগ ও সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে উৎসাহিত করতে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগের আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখার বার্তা তুলে ধরা হয়।
More News Of This Category

