টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় বাস, পিকআপভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি আটক করেছে হাইওয়ে পুলিশ।
নিহতরা হলেন- বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ মিয়া (২৪) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপের হেলপার আব্দুর রহিম (২২)।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, শনিবার বিকেলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা এসআই পরিবহনের ঢাকাগামী একটি বাস মহাসড়কের জামুর্কী এলাকায় প্রথমে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এরপর বাসটি সামনে থাকা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আসিফ মিয়া ও পিকআপের হেলপার আব্দুর রহিম ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকাগামী লেনে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।
এসআই আনিসুর রহমান বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
