বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অগ্রগতির জন্য পাঁচটি ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। সোমবার উত্তরায় বিজিএমইএর ইএসজি প্ল্যাটফর্ম উদ্বোধন অনুষ্ঠানে এসব অগ্রাধিকার তুলে ধরেন তিনি।
তাঁর বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি, নির্ভরযোগ্য জ্বালানি, পণ্য ও রপ্তানি বাজারের বৈচিত্র্য, অর্থনৈতিক সংস্কার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের বিষয় আসে। শুধু কম খরচে উৎপাদনের ওপর নির্ভরতা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।
পরিবেশবান্ধব উৎপাদন, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর জোর দেন তিনি। তরুণ ও নারীদের কর্মসংস্থান এবং বিনিয়োগের পরিবেশ উন্নয়নকেও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। বাংলাদেশ ও ডেনমার্কের অংশীদারত্ব ভবিষ্যতের টেকসই উন্নয়নে কাজে লাগানোর প্রত্যাশা জানান তিনি।
