কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করে সেবা কার্যক্রম, আবাসন ও পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন; এ সময় তিনি শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ ও বৃক্ষরোপণ করেন।
কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২৪ অক্টোবর) সকালে তিনি কেন্দ্রের বিভিন্ন সেবা কার্যক্রম, আবাসন ও অফিস ব্যবস্থাপনা পরিদর্শন করেন এবং সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
কেন্দ্রে পৌঁছালে উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের নেতৃত্বে নিবাসী শিশুরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে তিনি শিশুদের তৈরি ‘আলোর পথযাত্রী’ শিরোনামের দেয়ালিকার চতুর্বিংশ সংখ্যা উন্মোচন করেন। তাঁর আগমন উপলক্ষে কেন্দ্রের উদ্যোগে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রের সার্বিক সেবা কার্যক্রমের প্রবাহচিত্র উপস্থাপন করেন। তাঁর উপস্থাপনায় এবং নিবাসী শিশু নিজাম উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ।
অনুষ্ঠানে নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও উশু ডেমো প্রদর্শনী উপভোগ করেন মন্ত্রী। এ সময় শিশুদের পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানের শেষভাগে শিশুরা মন্ত্রীর হাতে নিজেদের তৈরি পুঁতির তাজমহল শোপিস উপহার দেয়। কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পরে কেন্দ্রের সার্বিক পরিবেশ, আবাসন ব্যবস্থা, অফিস ব্যবস্থাপনাসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী এবং কেন্দ্রের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
পরিদর্শন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি কেন্দ্রের ছাদবাগানের জন্য আমলকির চারা রোপণ করেন।
কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, সমাজকল্যাণমন্ত্রীর এই পরিদর্শন কেন্দ্রের সেবা কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও বেগবান করবে বলে তাঁরা বিশ্বাস করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম চৌধুরী, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় সমাজের সুবিধাবঞ্চিত, বিপন্ন ও পথশিশুদের মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। কেন্দ্রটি শিশুদের নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র, মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, জীবনদক্ষতা উন্নয়ন, মনোসামাজিক সহায়তা, কারিগরি প্রশিক্ষণ, চিত্তবিনোদন, চাকরিতে নিয়োগ এবং পুনর্বাসন ও পুনঃএকত্রীকরণসহ বিভিন্ন ধরনের সমন্বিত সেবা দিয়ে আসছে।
