চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের পৃথক অভিযানে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আট কিশোরকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মতলব উত্তর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি মো. মনির হোসেন (৪৫)। ব্রাক এনজিও শাখা ব্যবস্থাপক মো. আলামিন সানা (৩৬)। মনির হোসেনকে নিয়মিত মামলায় এবং আলামিন সানাকে প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আট কিশোরকে যাচাই-বাছাই শেষে তাদের প্রকৃত অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেফতার দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, মাদকবিরোধী অভিযান ও কিশোর গ্যাং দমনে পুলিশ নিয়মিত কাজ করছে। অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
