সংবাদ বিজ্ঞপ্তি · ১৪ অক্টোবর, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ন
নগরীর ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজে শৃঙ্খলা নিশ্চিত করতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ৩টায় সিউকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রথমবারের মতো পাঁচটি ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ আগস্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথম গণবিজ্ঞপ্তি জারি করা হয়। পরে ভবনের নকশা প্রণয়ন ও অনুমোদন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার লক্ষ্যে আবেদন আহ্বান করা হয়। গত ৩০ সেপ্টেম্বর আবেদনের নির্ধারিত সময়সীমা শেষ হয়। ভূমির ছাড়পত্র ও ভবনের নকশা অনুমোদনের জন্য প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই এবং সরেজমিন পরিদর্শন শেষে বিসি কমিটির সভায় পাঁচটি নকশা অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিলেটে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে ভবনের ব্যবহার উপযোগিতা নিশ্চিত করে অকুপেন্সি সার্টিফিকেট (ব্যবহার সনদ) প্রদান কার্যক্রমও নিশ্চিত করা হবে।
সভায় বিসি কমিটির সদস্য হিসেবে সিলেটের স্থানীয় সরকারের উপপরিচালক, পিডাব্লিউডির নির্বাহী প্রকৌশলী, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি, স্থপতি রাজন দাস, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী, সিলেট জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এবং সিলেট গণপূর্ত সার্কেলের সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
