শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকার কুটেমনি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় জানতে প্রযুক্তির সহায়তা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা কেউ তাকে হত্যা করে লাশ ফেলে গেছে।
সকালে ড্রামটি খালের পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর দেওয়া হয় স্থানীয় গ্রামপুলিশকে। গ্রামপুলিশ শ্রীবরদী থানা পুলিশকে খবর দেন। পরে মরদেহ উদ্ধারের উদ্যোগ নেয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হবে।