আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টি-২০ কন্টিনেন্ট কাপে অংশগ্রহণকারীদের তালিকায় নিজের নাম দেখে ক্ষুব্ধ শিখর ধাওয়ান। মঙ্গলবার সমাজমাধ্যমে পোস্ট করে টুর্নামেন্টের আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। একইসঙ্গে তাঁর অংশগ্রহণ নিয়ে কোনও ভুয়ো খবর ছড়িয়ে না দেওয়ার জন্য অনুরোধ করেছেন সমর্থকদের। প্রতিযোগিতায় এশিয়া ওয়ারিয়র্সের হয়ে ধাওয়ানের খেলার কথা প্রকাশ্যে আসার পরই তৈরি হয় বিতর্ক। সেই দলে একাধিক পাকিস্তানি ক্রিকেটারও রয়েছেন। তবে ধাওয়ান স্পষ্ট জানিয়ে দেন, এই টুর্নামেন্টের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাঁর অনুমতি ছাড়াই নাম ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নিজের এক্স হ্যান্ডেলে ধাওয়ান লেখেন, 'বিশ্ব টি-২০ কন্টিনেন্ট কাপে অংশগ্রহণকারী হিসেবে আমার নাম দেখেছি। আমার অনুমতি ছাড়াই আয়োজকেরা আমার নাম ব্যবহার করেছেন। বিষয়টা নিয়ে আমার দল যথাযথ আইনি পদক্ষেপ নেবে। সংবাদমাধ্যম এবং সমর্থকদের অনুরোধ করছি, কোনও অননুমোদিত ঘোষণা বিশ্বাস বা প্রচার করবেন না।' ধাওয়ান একমাত্র ভারতীয় নন, যাঁর নাম এশিয়া ওয়ারিয়র্সের দলে ছিল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রাহুল শর্মা, গুরকীরত সিং মান এবং অভিমন্যু মিথুনের নামও ২৪ সদস্যের দলে রাখা হয়েছিল। পাকিস্তানের একাধিক ক্রিকেটারও রয়েছেন এই স্কোয়াডে। তাঁদের মধ্যে রয়েছেন সোয়েল তানভীর, ইফতিখার আহমেদ এবং মহম্মদ ইমরান খান।
পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে গঠিত দলে ধাওয়ানের নাম থাকায় স্বাভাবিকভাবেই বিস্মিত হন অনেক সমর্থক। ২০২৫ সালে 'অপারেশন সিঁদুর'-এর সময় পাকিস্তানের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন ধাওয়ান। পাহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার সময়ও সমাজমাধ্যমে সরব হয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সেই সময় ধাওয়ান লিখেছিলেন, 'জঙ্গিহানার বিরুদ্ধে ভারত অবস্থান নিয়েছে। ভারত মাতা কি জয়।' আরও একটি পোস্টে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে ধাওয়ান লিখেছিলেন, 'ঘৃণ্য দেশটা আবারও গোটা বিশ্বের সামনে নিজেদের ঘৃণ্য মানসিকতা তুলে ধরেছে।' এমন সব মন্তব্যের পর পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে একই দলে ধাওয়ানের নাম দেখে অবাক হয়ে ক্রিকেট ভক্তরা।
