এরশাদুল হক,স্টাফ রিপোর্টার ::
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সুনামগঞ্জ সদর উপজেলায় সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৮০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা আদিত্য পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
সেমিনারে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতে অন্যায়, অবিচার, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি সাম্য ও মানবতার বার্তা উঠে এসেছে। নতুন প্রজন্মের মধ্যে তাঁর জীবন, সাহিত্য ও আদর্শ ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা।
আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৮০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় কবির সাহিত্যকর্ম ও আদর্শ সম্পর্কে জানার আগ্রহ বাড়াবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ভূমিকা রাখবে এ আয়োজন।
নিউজটি শেয়ার করুনঃ
