দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল ও নিরবচ্ছিন্ন রাখার উদ্দেশ্যে গত ১৫ অক্টোবর এ নির্দেশনা জারি করা হয়। এনবিআরের কাস্টমস নীতি শাখার দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। এর মধ্যে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি। অন্যদিকে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারেও দেশের কাস্টমস হাউস ও স্টেশনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকে। এ কারণে পূজা উপলক্ষে নির্ধারিত ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটিতে সীমিত পরিসরে কার্যক্রম সচল রাখার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে এনবিআর।
এ উদ্যোগের ফলে পূজার ছুটিতেও দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং পণ্য খালাস ও পরিবহনে সম্ভাব্য বিঘ্ন কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
The post দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি appeared first on ভোরের চেতনা.
