সাপ্তাহিক ছুটির দিন হলেও আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের অংশ হিসেবে এদিন সরকারি দপ্তরেও স্বাভাবিক কার্যক্রম চলবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে ১৭ অক্টোবর শনিবার সাধারণ কর্মদিবস হিসেবে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এদিন ব্যাংকের স্বাভাবিক লেনদেন এবং শেয়ারবাজারের কার্যক্রম চালু থাকবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের সব তফসিলি ব্যাংক ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক গত রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এর আগে ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করে প্রজ্ঞাপন প্রকাশ করে।
সরকারি ছুটির সূচি অনুযায়ী, ২০ অক্টোবর নবমী উপলক্ষ্যে নির্বাহী আদেশে ছুটি, ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষ্যে সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে।
ছুটি সমন্বয়ের ফলে আগামীকাল শনিবার ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তরে কর্মদিবস থাকবে।
