খুলনা গেজেট অক্টোবর ১৭, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা জেলার কোচ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৭ অক্টোবর) সকালে ঢাকায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
মোসাদ্দেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। এক শোকবার্তায় তার মৃত্যুতে শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘদিন কাজ করেছেন মোসাদ্দেক। ২০১১ সালে বিসিবিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর থেকে বয়সভিত্তিক ক্রিকেটে কোচ হিসেবে কাজ করেছেন। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের বিভাগীয় কোচিং প্যানেলে দায়িত্ব পালনের পাশাপাশি যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) বিভিন্ন দলের সঙ্গেও যুক্ত ছিলেন এই কোচ।
ঢাকা জেলা কোচের দায়িত্ব নেওয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবে কাজ করেছেন মোসাদ্দেক। বিসিবি-এসিসি লেভেল-২ সনদধারী এই কোচ সবশেষ রবি বোলার হান্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে একজন অভিজ্ঞ কোচকে হারাল দেশের ক্রিকেট।
খুলনা গেজেট/এএজে
