সিনেমার প্রচারে কোটি কোটি টাকা খরচ করার দিন কি তবে শেষ? কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছে ‘প্রেমাদ ওরালি’, যা দেখলে চোখ কপালে উঠবে। মাত্র ৩ কোটি রুপির কম বাজেটে তৈরি এই ছোট পরিসরের ড্রামা সিনেমাটি এখন বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপির ব্যবসা করে এক ঐতিহাসিক ব্লকবাস্টারে পরিণত হয়েছে।
সিনেমার বাজেট কম থাকায় নির্মাতারা বেছে নিয়েছিলেন একদম ভিন্ন এক কৌশল। বড় কোনো প্রচার বা মার্কেটিং বাজেট ছাড়াই ছবির পরিচালক মনোজ কুমার এবং পুরো কলাকুশলী নেমে পড়েন রাস্তায়। তারা সাধারণ পাবলিক বাসে চড়ে সরাসরি যাত্রীদের হাতে তুলে দেন প্রচারপত্র। দর্শকদের অনুরোধ করেন ছোট ও ভালো গল্পের এই সিনেমাটিকে সমর্থন জানাতে। তাদের এই ‘বাসে বাসে চিঠি দিয়ে প্রচার’ বা তৃণমূল স্তরের জনসংযোগ কৌশলই পরবর্তীতে জাদুর মতো কাজ করেছে।
গত সেপ্টেম্বরের শেষের দিকে অত্যন্ত নীরবে মুক্তি পেয়েছিল ছবিটি। প্রথম দিনে শো সংখ্যা ছিল কম, আর আয় হয়েছিল মাত্র ১০ লাখ রুপির নিচে। কিন্তু শক্তিশালী ‘মাউথ প্রপাগান্ডা’ বা মুখে মুখে প্রচারের সুবাদে ছবিটি বক্স অফিসে ঝড় তোলে।
প্রথম সপ্তাহে যেখানে আয় ছিল মাত্র ৬.২ কোটি রুপি, দ্বিতীয় সপ্তাহে তা লাফিয়ে পৌঁছে যায় ৪৮ কোটিতে! শুধু তাই নয়, মাত্র ৬০টি শো দিয়ে শুরু হওয়া এই সিনেমাটি তৃতীয় ও চতুর্থ সপ্তাহে কর্ণাটকের ১১০০টিরও বেশি স্ক্রিনে প্রদর্শিত হতে শুরু করে।
ইতোমধ্যে কান্তারা ও কেজিএফ-এর মতো আইকনিক হিট ছবির তালিকায় নাম লিখিয়েছে ‘প্রেমাদ ওরালি’। বক্স অফিস রিপোর্টের তথ্য অনুযায়ী, এটি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর রেকর্ড ভেঙে কর্ণাটকের সর্বকালের সর্বোচ্চ আয়কারী ছবির মুকুট পরতে চলেছে। ছবিটির এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত ‘কেজিএফ’ তারকা যশ এবং ‘কান্তারা’ খ্যাত ঋষভ শেঠির মতো তারকারাও।
