‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ ও ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ পরপর ফেসবুকে এমন দুটি পোস্টে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম।
শুক্রবার দিবাগত রাতে সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ ফেসবুক আইডি থেকে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবেন’ লিখে একটি পোস্ট করেন। এর কয়েক মিনিট পর ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে আরেকটি পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পরপরই জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক ‘ইউএনও জামালগঞ্জ’ পেজ থেকে পোস্ট করে জানান, এসিল্যান্ডের আইডি হ্যাক হয়েছে, কেউ বিভ্রান্ত হবেন না।
ইউএনওর এই পোস্টের কিছুক্ষণ পরই ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ পেজ থেকে আগের পোস্ট দুটি ডিলিট করা হয়। ইউএনও ও এসিল্যান্ডের এই পোস্টকে কেন্দ্র করে জামালগঞ্জে আলোচনা-সমালোচনার ঝড় তুলছে।
তবে পোস্ট ডিলিট করাকে কেন্দ্র করে মানুষের মধ্যে নতুন করে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, আইডি হ্যাক হলে কয়েক মিনিটের মধ্যে কীভাবে পোস্ট ডিলিট হলো? আর আইডি হ্যাক হয়ে থাকলে এসিল্যান্ড নিজে কেন সরাসরি কোনো বক্তব্য দেননি এবং তার মোবাইল নম্বর কেন বন্ধ রয়েছে?
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, ‘আমার মেয়ের জন্মদিন উপলক্ষে এসিল্যান্ড সস্ত্রীক আমার বাসায় আসেন। অনুষ্ঠান শেষে বাসা থেকে বের হয়ে তিনি ফেসবুকে একটি বার্তা পোস্ট করেন। সাথে সাথে আমি জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি। আমিসহ অফিসার ইনচার্জ ও আবাসিক মেডিকেল অফিসারকে নিয়ে তার বাসায় যাই। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠাই।
তিনি আরও বলেন, সিলেট থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। ঢাকা থেকে সুস্থ হয়ে ফিরে আসলে জানা যাবে কী উদ্দেশ্যে তিনি ফেসবুকে এই পোস্টটি করেছেন।’
তবে, চিকিৎসাধীন থাকায় এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্তর সাথে কথা বলা সম্ভব হয়নি।
