প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের টাঙ্গাইলের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বারান্দার গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে তিনটি স্টিলের আলমারি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘরের জিনিসপত্রও তছনছ করেছে। তবে বাড়ি থেকে কী কী জিনিস খোয়া গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল সোমবার বিকেলে এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি)। গত ১০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় অবস্থিত বাড়িটিতে চুরির ঘটনা ঘটে।
ওই বাড়িতে বসবাস করেন আফিয়া খান। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। কয়েক দিন আগে ঢাকা যাওয়ার সময় বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান পূর্বপরিচিত শফিকুর রহমানকে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সকাল ৯টার দিকে বাড়িটি তালাবদ্ধ করে বাইরে যান শফিকুর রহমান। তখন বাড়ির সবকিছু স্বাভাবিক ছিল। বিকেল ৫টার দিকে ফিরে তিনি বারান্দার গ্রিলের তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে ঢুকে মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। এ সময় তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি আলমারি খোলা অবস্থায় পাওয়া যায়।
আলমারিগুলোতে মামুনুর রশীদের নয় ভাই-বোনের মূল্যবান জিনিসপত্র রাখা ছিল। তবে আফিয়া খান ঢাকায় থাকায় এবং পরিবারের অন্য সদস্যরা উপস্থিত না থাকায় কী কী জিনিস চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
আফিয়া খান জানান, ঘটনাটি নিছক চুরি, না কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।
মামুনুর রশীদ জানান, টাঙ্গাইল শহরে তাদের পৈতৃক বাড়ির তালা ভেঙে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করেছে বলে তিনি ভাই-বোনদের মাধ্যমে জানতে পেরেছেন।
