সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৫ জন।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া শিশু দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। তাদের একজনের বয়স ৩ মাস, অন্যজনের ১০ মাস। শিশু দুটি সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদের মৃত্যু এখনো সন্দেহজনক হামজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ১১৫। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৮ জন। হবিগঞ্জের সংখ্যার মধ্যে রুবেলায় আক্রান্ত দুজনও রয়েছেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৫ জন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছে ৪৬৮ জন। এর মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, পার্কভিউ হাসপাতালে ২০ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৩০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন এবং বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন করে রোগী রয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে দেওয়া মৃত্যুর হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিভাগে সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ১৯২ জনের। নিশ্চিত হামজনিত মৃত্যু হয়েছে ১০ জনের। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ২০২।
জেলাভিত্তিক হিসাবে, সিলেটে সন্দেহজনক হামজনিত মৃত্যু ৭৯ জনের এবং নিশ্চিত মৃত্যু ৪ জনের। হবিগঞ্জে এ সংখ্যা যথাক্রমে ২৮ ও ৪, মৌলভীবাজারে ১৫ ও ১ এবং সুনামগঞ্জে ৭০ ও ১ জন।
