আজকাল ওয়েবডেস্ক: নন্দকুমারের গোলে ইস্টবেঙ্গলের কাছে ডুরান্ড কাপের ফাইনালে হারের পর সোশ্যাল মিডিয়ায় ‘প্রতিশোধ’ নেওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। পরের ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে সেই প্রতিশোধ নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ-মেরুন জার্সিতে খেলা সেই আলবেনিয়ান স্ট্রাইকার আরমান্দো সাদিকু এ বার তুলে রাখলেন বুটজোড়া। ৩৫ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন তিনি। তবে ফুটবলকে বিদায় জানালেও খেলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না সাদিকু। এ বার সুইজারল্যান্ডের ক্লাব বেলিনজোনার স্পোর্টিং ডিরেক্টর হিসেবে নতুন দায়িত্ব সামলাবেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কেরিয়ারের সেরা মুহূর্তগুলির ভিডিয়ো পোস্ট করে অবসরের কথা জানিয়েছেন সাদিকু। সেখানে তাঁর আবেগঘন বার্তা, ‘ধন্যবাদ ফুটবল! তোমাকে মিস করব।’ মাঠের লড়াই শেষ হলেও ফুটবলের সঙ্গেই থাকছেন আলবেনিয়ার এই প্রাক্তন আন্তর্জাতিক তারকা।
২০২৩-২৪ মরশুমের আগে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিয়েছিলেন সাদিকু। সবুজ-মেরুন জার্সিতে ৩৫টি ম্যাচ খেলে ১১টি গোল করেছিলেন তিনি। সঙ্গে ছিল একটি অ্যাসিস্ট। তাঁর সেই মরশুমেই ডুরান্ড কাপ ও আইএসএল লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান। তবে কলকাতার ফুটবলপ্রেমীদের স্মৃতিতে সাদিকু বিশেষভাবে জায়গা করে নিয়েছিলেন ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথের আবহে।
নন্দকুমার শেখরের গোলে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানকে দীর্ঘদিন পরে হারিয়েছিল ইস্টবেঙ্গল। সেই হারের পর সোশ্যাল মিডিয়ায় প্রতিশোধ নেওয়ার বার্তা দিয়েছিলেন সাদিকু। পরের ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে ট্রফি জেতে মোহনবাগান। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াইয়ের সেই অধ্যায়ের সঙ্গেও জড়িয়ে থাকবে সাদিকুর নাম। এফসি গোয়াতেও খেলেন তিনি।
আলবেনিয়ার জাতীয় দলের হয়েও উল্লেখযোগ্য অবদান রয়েছে সাদিকুর। দেশের জার্সিতে ৩৮টি ম্যাচে ১২টি গোল করেছেন তিনি। ২০১৬ সালের ইউরো কাপে রোমানিয়ার বিরুদ্ধে তাঁর করা গোলটি ছিল কেরিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত। সেই গোলেই ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো কাপে প্রথমবার অংশ নিয়ে ঐতিহাসিক জয় পেয়েছিল আলবেনিয়া।
এ বার নতুন ভূমিকায় দেখা যাবে সাদিকুকে। সুইজারল্যান্ডের বেলিনজোনা ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি। এই ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ফুটবলার হিসেবে দীর্ঘ কেরিয়ারে ইতি টেনে এ বার প্রশাসনিক দায়িত্বে নিজের দক্ষতা প্রমাণ করাই লক্ষ্য সাদিকুর। মাঠে তাঁর গোলের অধ্যায় শেষ হলেও ফুটবলের দুনিয়ায় নতুন ইনিংস শুরু হচ্ছে তাঁর।
