ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিওর ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা শনাক্ত হয়েছে। তার ডান ফুসফুসের নিচের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। ভ্যাটিকানের এক মেডিকেল বুলেটিনে অস্ত্রোপচার সফল হওয়ার কথা জানানো হয়েছে।
ভ্যাটিকান জানায়, মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে বক্ষদেশের অস্ত্রোপচার বিশেষজ্ঞদের একটি দল পোপের অস্ত্রোপচার করে। প্রায় ৯০ মিনিট ধরে চলে এ অস্ত্রোপচার। এতে তার ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর কোনো জটিলতা দেখা দেয়নি এবং পোপ স্বাভাবিকভাবে জ্ঞান ফিরে পান। পর্যবেক্ষণের পর তাকে নিজের কক্ষে ফিরিয়ে নেওয়া হয়।
ভ্যাটিকানের বিবৃতি অনুযায়ী, ৭১ বছর বয়সী পোপের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় ফুসফুসে একটি পিণ্ড ধরা পড়ে। সুস্থ হয়ে উঠতে তাকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে।
বার্তা সংস্থা এএফপিকে ভ্যাটিকানের একটি সূত্র জানিয়েছে, ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কি না, তা জানতে আরও পরীক্ষা করা হচ্ছে।
এর আগে গত রোববার সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দা থেকে ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাস প্রার্থনা ও আশীর্বাদ দেওয়ার পর পোপ তার অস্ত্রোপচারের কথা জানান। তিনি বলেছিলেন, ফুসফুসে ধরা পড়া ছোট পিণ্ডটি একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়েছে। চিকিৎসকেরা সেটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পরামর্শ দেন।
ভ্যাটিকান জানিয়েছে, অস্ত্রোপচারের আগের পরীক্ষায় চিকিৎসকেরা যে ধরনের ক্যানসারের সন্দেহ করেছিলেন, পরবর্তী পরীক্ষায় সেটিই শনাক্ত হয়েছে। তবে ক্যানসার ছড়িয়ে পড়েছে কি না, সে বিষয়ে আরও পরীক্ষার ফলের অপেক্ষা রয়েছে।
টোকিওর কার্ডিনাল কিকুচি তারসিসিও ইসাও সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সোমবার পোপ লিওর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তখন পোপ শারীরিকভাবে কোনো সমস্যা অনুভব করছেন না বলে জানিয়েছিলেন।
সুস্থ হয়ে ওঠার জন্য পোপের ২০ অক্টোবর পর্যন্ত সব কর্মসূচি বাতিল করা হয়েছে। কার্ডিনাল কিকুচি জানান, নভেম্বরের শুরুতে পোপের লাতিন আমেরিকা সফরের পরিকল্পনা রয়েছে। সফরের অংশ হিসেবে পেরুতে যাওয়ার কথা তার। দেশটিতে বহু বছর ধর্মপ্রচারক এবং পরে বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পোপ লিও।
পোপের অসুস্থতার খবর বিশ্বজুড়ে ক্যাথলিকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তাকে দেখতে ও তাঁর দ্রুত সুস্থতা কামনা করতে জেমেলি হাসপাতালের বাইরে অপেক্ষা করেন অনেকে। গাড়িতে করে যাওয়ার সময় পোপ জানালা দিয়ে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
হাসপাতালের বাইরে অপেক্ষারত কারলা নামের এক নারী বিবিসিকে বলেন, তাকে শান্ত মনে হচ্ছে, তাই আমরাও শান্ত আছি। যদিও অসুস্থতা সব সময়ই কষ্টদায়ক। আমরা এখানে অপেক্ষা করব এবং প্রার্থনা করব।
এলসা নামের আরেক নারী জানান, পোপের অসুস্থতার খবর শুনে তিনি মর্মাহত হয়েছিলেন। পোপ নির্বাচিত হওয়ার সময় তাঁকে তুলনামূলক কম বয়সী ও সুস্থ মনে হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
