আজকাল ওয়েবডেস্ক: প্রতিশ্রুতি মতোই মঙ্গলবার দুপুরে নদিয়ার চাকদহ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে মৃত আরতি বিশ্বাসের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। পাশাপাশি, পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।
নিরপেক্ষ তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের কথাও জানান তিনি। এদিন আরতি বিশ্বাসের পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রথমে কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর কথা ভাবা হলেও মুখ্যসচিবের পরামর্শ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করতে নিরপেক্ষভাবে তদন্ত করা হবে। পাশাপাশি, কোনও আধিকারিকের গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
আগের সরকারের আমলে বিভিন্ন ঘটনার তদন্ত নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রসঙ্গ তুলে বর্তমান সরকারের কাজের পদ্ধতির সঙ্গে তার তুলনা করেন মুখ্যমন্ত্রী। এদিন আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্য প্রসঙ্গেও মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, মোহন ভাগবত নিশ্চয়ই তথ্যের ভিত্তিতেই মন্তব্য করেছেন। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি বিষয়টি তুলে ধরেছেন বলেই মনে করেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, কল্যাণী-সহ বিভিন্ন জায়গায় সিপিআইএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গেও বক্তব্য রাখেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, তাঁরা বইপ্রেমী, বইয়ের বিরোধী নন। বুকস্টল সংক্রান্ত বিষয়ে সরকার ও প্রশাসন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কাজ করেছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে কোনও ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। ধর্মীয় ঐতিহ্য ও সনাতনী সংস্কৃতি প্রসঙ্গেও বিরোধীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এদিকে, সরকারের আশ্বাস অনুযায়ী ২৫ লক্ষ টাকার চেক পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে আরতি বিশ্বাসের পরিবার। পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও মিলেছে বলে জানিয়েছেন তাঁরা। তবে এখন তাঁদের মূল অপেক্ষা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য সামনে আসা।
