জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন উপকারভোগী বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এ সেবার আওতায় সুপ্রিম কোর্ট ও জেলা লিগ্যাল এইড অফিস, শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টার এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আইনি সহায়তা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩১ হাজার ৪০৯ জন, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৩ লাখ ৮৩ হাজার ৬১৭ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৬৫৮ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের মাধ্যমে (টোল ফ্রি-১৬৬৯৯) ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন এবং অনলাইন প্ল্যাটফর্ম (ফেসবুক-মেসেঞ্জার)–এর মাধ্যমে ৪৫৭ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে।
সরকারি খরচে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে এসব আইনি সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।
সূত্র: বাসস
আইজে/জেআই
