কুমিল্লায় জুমার নামাজের খুৎবা চলাকালীন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মিছিলে নেতৃত্বদানকারী মূলহোতা ছাত্রলীগ নেতা কাইয়ুমসহ অন্যান্য সক্রিয় অংশগ্রহণকারীদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে জুমার খুৎবা চলাকালীন নূরপুর তেলিকোনা এলাকায় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী হঠাৎ একত্রিত হন। এ সময় তারা ৩০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল বের করেন।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং অংশগ্রহণকারীদের শনাক্তকরণ কাজ শুরু করে। পরবর্তীতে জেলা ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ ও একটানা সাড়াশি অভিযানে মিছিলে নেতৃত্বদানকারী সাওয়ালপুর এলাকার ছাত্রলীগ নেতা কাইয়ুম এবং সক্রিয় অংশগ্রহণকারী আজিজুর রহমান নীরব, হাসিব ও জামিল ইসলামসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী বাকিদের গ্রেফতারে জেলা পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পর গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।