ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশ হেফাজত থেকে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল আলম শাহীনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এক বিএনপি নেতাসহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সরিষা ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মিলন (৫০) এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মণ্ডল (২৮)। নূর মোহাম্মদ মিলন সরিষা গাংপাড় এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ও মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি এবং নয়ন মণ্ডল চর হোসেনপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে সরিষা এলাকা থেকে মিলনকে এবং আশ্রবপুর এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, পুলিশের হেফাজত থেকে ছাত্রলীগ নেতা শাহীনকে ছিনিয়ে নেওয়ার সময় আসামিরা সরকারি কাজে বাধা দেন, পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধর করে আহত করেন এবং পুলিশের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অপরাধে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেএইচআর
