নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ১৩ বছর বয়সী এক শিশু রয়েছে।
গ্রেপ্তাররা হলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সোনারকান্দা কবরস্থান রোড এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. নিহাদ (২২) ও একই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. আরাফাত (১৩)।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকার লালজিউড় মন্দিরের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে বাবুপাড়া লালজিউড় মন্দিরের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র নিয়ে ৫ থেকে ৭ জন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও নিহাদ ও আরাফাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
