যেকোনো ধরনের দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও রয়েছে। তবে এসব বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। ঢাকা শহরের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ভূমিকম্প এখন রাজধানীর জন্য বড় ধরনের আশঙ্কার কারণ। শক্তিশালী ভূমিকম্প হলে শহরটিতে ব্যাপক বিপর্যয় ঘটতে পারে।
তিনি বলেন, আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন শহরে পরিকল্পিত নগর ব্যবস্থা না থাকার কারণে প্রাণহানির সংখ্যা অনেক বেশি হয়। তাই এই বিষয়গুলোতে আমাদের অনেক বেশি দৃষ্টি দেওয়া প্রয়োজন।
রাষ্ট্রপতি আরও বলেন, বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নগর ব্যবস্থাপনার নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং নদীদূষণ রোধেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা, যথাযথ পরিকল্পনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
