‘চিপ অ্যান্ড পটেটো’ সিরিজের প্রধান চরিত্র পাঁচ বছর বয়সী চিপ। তার বন্ধু পটেটো একটি জীবন্ত ইঁদুর, যে কথা বলতে পারে।
শিশুদের বিনোদনে নতুন সংযোজন নিয়ে আসছে দুরন্ত টিভি। চ্যানেলটির ৩৭তম সিজনে থাকছে ‘চিপ অ্যান্ড পটেটো’ ও ‘দ্য স্নুপি শো’ নামে দুটি নতুন কার্টুন সিরিজ। পাশাপাশি প্রচারিত হবে ‘স্ট্রবেরি শর্টকেক’ সিরিজের চারটি সিনেমা। এছাড়া থাকছে নিয়মিত নাটক, অনুষ্ঠান ও কার্টুন সিরিজ।
‘চিপ অ্যান্ড পটেটো’ সিরিজের প্রধান চরিত্র পাঁচ বছর বয়সী চিপ। তার বন্ধু পটেটো একটি জীবন্ত ইঁদুর, যে কথা বলতে পারে। তবে চিপ ছাড়া সবাই তাকে খেলনা ইঁদুর মনে করে। চিপ কোনো সমস্যায় পড়লে পটেটো তাকে পরামর্শ দেয়। সিরিজটির কণ্ঠ নির্দেশনায় রয়েছেন মাহবুব আলম ও ইন্দ্রাণী ঘটক। ২৫ অক্টোবর থেকে রোববার-বৃহস্পতিবার সকাল ৯টা, বেলা ৩টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে সিরিজটি।
‘দ্য স্নুপি শো’তে রয়েছে দুষ্টু কুকুরছানা স্নুপি ও তার বন্ধু উডস্টকের নানা কাণ্ডকারখানা। সিরিজটির কণ্ঠ নির্দেশনায় রয়েছেন সাজ্জাদ আহমেদ ও শরীফ হাসান চৌধুরী। ২৫ অক্টোবর থেকে রোববার-বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা, বেলা সাড়ে ৩টা ও রাত ৮টায় দেখা যাবে এটি।
এছাড়া থাকছে দুরন্ত টিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত দ্বিতীয় অ্যানিমেশন সিরিজ ‘সবার বন্ধু টোটন’। অনুষ্ঠানটি শুক্র ও শনিবার বেলা ১টা, বিকাল ৪টা ও রাত ৮টায় প্রচারিত হবে। ৩০ অক্টোবর থেকে শুক্র ও শনিবার বেলা দেড়টা ও রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে ‘অল্প স্বল্প গল্প কথা’। শিশুদের ইংরেজি শেখার অনুষ্ঠান ‘দি ইংলিশ ক্লাব’ দেখা যাবে ২৫ অক্টোবর থেকে রোববার-বৃহস্পতিবার বেলা দেড়টা ও রাত ৯টায়।
নতুন সিনেমার তালিকায় রয়েছে ‘স্ট্রবেরি শর্টকেক’স স্প্রিং স্পেকট্যাকুলার’, ‘স্ট্রবেরি শর্টকেক’স সামার ভেকেশন’, ‘স্ট্রবেরি শর্টকেক অ্যান্ড দ্য বিস্ট অব বেরি বগ’ ও ‘স্ট্রবেরি শর্টকেক’স পারফেক্ট হলিডে’।
নতুন সিজনে আরো থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান ও কার্টুন সিরিজ।
