স্টাফ করেসপন্ডেন্ট
কুমিল্লার শশীদল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরাতে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
তিনি বলেন, আমরা খুব শিগগির আমাদের দুজন পুলিশ সদস্যকে ফেরত পাব। সে প্রস্তুতি চলছে। তারা অক্ষত আছেন, তাদের কোনো ধরনের সমস্যা হয়নি। দায়িত্ব পালন করতে গেলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও অস্বাভাবিক নয়। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার আওতাধীন শশীদল সীমান্তে এ ঘটনা ঘটেছে। ওই এলাকায় পাহাড় ও জঙ্গলের সমাহার রয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে এক এএসআই ও এক কনস্টেবলকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্য হলেন- এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত।
