কালবেলা · সাধারণ
টাঙ্গুয়ার হাওরে নৌকায় পর্যটকের মৃত্যু
১৪/১০/২০২৬

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নৌকায় অসুস্থ হয়ে মো. মনিরুজ্জামান মিয়া (৪৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মো. মনিরুজ্জামান বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে।
সফরসঙ্গীরা জানান, গত ১২ অক্টোবর বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া এলাকার প্রায় ৩০ জনের একটি দল সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তাদের সঙ্গে ছিলেন মনিরুজ্জামান। বুধবার সকালে টাঙ্গুয়ার হাওরে নৌকায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
সফরসঙ্গীদের ধারণা, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। পরে তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনিরুজ্জামানের সফরসঙ্গী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার জানান, তারা সিলেট ও সুনামগঞ্জে বেড়াতে এসেছিলেন। বুধবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মনিরুজ্জামানের মৃত্যু হয়। পরে তার মরদেহ নিয়ে তারা বরিশালের উদ্দেশে রওনা হন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মূল প্রতিবেদনে যান ↗