মেয়র শাহাদাত • আনন্দ-উচ্ছ্বাসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর অপেক্ষায় চট্টগ্রামবাসী
প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রামবাসী। তার আগমন ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নগরের কোতোয়ালি থানার জে এম সেন হল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মেয়র শাহাদাত হোসেন বলেন, রংপুর ও রাজশাহী সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আসবেন। তার আগমন উপলক্ষে পুরো নগরে সাজ সাজ রব চলছে। চট্টগ্রামবাসী আনন্দ-উচ্ছ্বাস নিয়ে তাকে স্বাগত জানানোর অপেক্ষায়।
জে এম সেন হলের মূল জায়গা তুলনামূলক ছোট হওয়ায় সেখানে ৫০০ থেকে ৬০০ মানুষের স্থান সংকুলান হতে পারে বলে জানান মেয়র। তবে হলের বাইরে হাজারো সনাতন ধর্মাবলম্বী মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তাদের জন্য প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার ব্যবস্থা করতে এলইডি স্ক্রিন বসানো হয়েছে। নগরের বিভিন্ন স্থানেও এ ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সবাই প্রধানমন্ত্রীর বক্তব্য ও বার্তা শুনতে পারেন।
বিজ্ঞাপন
মেয়র বলেন, প্রধানমন্ত্রীর সফরের তিনটি স্থানই গুরুত্বপূর্ণ। এর মধ্যে জে এম সেন হলের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি জড়িয়ে আছে এ স্থানের সঙ্গে। সূর্য সেন, যতীন্দ্রমোহন সেনগুপ্ত ও মহিমচন্দ্র দাসের স্মৃতিও এ স্থানের সঙ্গে সম্পর্কিত।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসবের সমাপনী পর্যায়ে প্রধানমন্ত্রীর উপস্থিতি সনাতন ধর্মাবলম্বীদের আনন্দকে আরও বর্ণিল করে তুলবে। একই সঙ্গে এ আয়োজন ঐতিহাসিক গুরুত্বও বহন করবে।
এ সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়ত হোসেন এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এমএমকে
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
