কালবেলা · general
প্রেমিকার সঙ্গে মান-অভিমান, প্রাণ দিলেন শাবিপ্রবি শিক্ষার্থী
১৩/১০/২০২৬

প্রেমঘটিত বিরোধের জেরে বিষপান করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহরিয়ার বাঁধন (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার ৯ দিন পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বাঁধন রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার স্থায়ী ঠিকানা চুয়াডাঙ্গা জেলায় এবং তিনি ক্যাম্পাসের পার্শ্ববর্তী টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বাঁধনের সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার রাতে ওই তরুণী এবং তার এক আত্মীয়ের সঙ্গে ফোনে বাঁধনের কথাকাটাকাটি ও মান-অভিমান হয়। তার ব্যবহৃত মোবাইলে কল রেকর্ড ও মেসেজ পাওয়া গেছে।
বাঁধনের সহপাঠীদের সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে টিলারগাঁওয়ের মেসে থাকা অবস্থায় বিষপান করেন শাহরিয়ার। প্রাথমিক অবস্থায় তিনি বিষয়টি সহপাঠীদের জানাননি। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে বিষপানের বিষয়টি জানতে পেরে সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীরা তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে ৯ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর আজ মারা যান তিনি।
এ বিষয়ে রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী বলেন, ‘একটু আগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। আমরা বিভাগের শিক্ষকরা খবর পেয়েই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছি।’
তিনি আরও জানান, ‘যতটুকু জানি যবিপ্রবির এক নারী শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের কলহ থেকেই বিষপান করেছে। এর আগেও প্রায় তিন মাস আগে বাঁধন ইঁদুরের বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং সে সময় ৪-৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’
মূল প্রতিবেদনে যান ↗