শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ দিন বিকাল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি জেএম সেন হল পূজামণ্ডপে যাবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে যাবেন। প্রধানমন্ত্রীর এই সফর চট্টগ্রামের মানুষের জন্য আনন্দের বিষয়। প্রধানমন্ত্রীর উপস্থিতি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্যরে বার্তাকে আরও সুদৃঢ় করবে।
পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, পূজামণ্ডপ পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী আলোচনা সভায় অংশ নেবেন। ইতোপূর্বে জেএম সেন হলের দুর্গাপূজায় কখনও কোনো সরকারপ্রধান পরিদর্শনে আসেননি। এই প্রথম কোনো প্রধানমন্ত্রী পূজা পরিদর্শনে আসছেন। এতে আমরা খুবই আনন্দিত-উচ্ছ্বসিত। উনাকে স্বাগত জানাতে আমরা আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। আশা করি সুন্দরভাবে আয়োজন সম্পন্ন করতে পারব। ওনাকে সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শনে আমরা কাজ করছি।
এবার চট্টগ্রাম নগরীর ২৯৪টি এবং জেলার ১ হাজার ৬৫৫টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। সব মিলিয়ে ১ হাজার ৯৪৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া ৬০০ ঘট পূজা অনুষ্ঠিত হচ্ছে।
