ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির থেকে চুরি হওয়া সোনা-রুপার অলংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আখাউড়া থানা পুলিশের তথ্য অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) রাত থেকে সোমবার (১২ অক্টোবর) সকালের মধ্যে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকার শ্রী শ্রী রাধামাধব আখড়ার কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) এবং আকাশ মালদার ওরফে হাসিবকে (২৮) গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তার জারু মিয়ার বাড়ি থেকে স্বর্ণের এক জোড়া কানের দুল, চারটি ইমিটেশনের মুকুট, দুটি বাঁশি, একটি চাঁদ ও একটি রুপার চেইন উদ্ধার করা হয়।
এদিকে পলাতক আসামি তাজুল ইসলামের আখাউড়া পৌরসভার মসজিদপাড়া এলাকার ভাঙারির দোকানে অভিযান চালিয়ে রাধারানির একটি বড় পিতলের মূর্তি, গৌর-নিতাইয়ের দুটি পিতলের মূর্তি, গোপালের ছোট মূর্তি উদ্ধার করা হয়।
এছাড়াও পিতলের কাঁসি, গাছা, পঞ্চপ্রদীপ, তিন জোড়া পিতলের করতাল, তামার বাটি, দুটি তামার কোসাকুসি, পিতলের প্রদীপদানি এবং শঙ্খ রাখার স্ট্যান্ড উদ্ধার করা হয়।
এ ঘটনায় আখাউড়া থানায় দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় মামলা হয়েছে। পুলিশি প্রতিবেদনে তাজুল ইসলামকে পলাতক উল্লেখ করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বলেন, ‘রোববার দিবাগত রাতে দুজনকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জারুর বাড়ি থেকে কিছু মালামাল এবং ভাঙারির দোকান থেকে প্রতিমাসহ বাকি মালামাল উদ্ধার করা হয়েছে। দুজনকে মন্দিরে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
