ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র (এমএমএ) উদ্যোগে ‘প্রেসিডেন্টের সঙ্গে চা চক্র’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৬টায় আব্দুল্লাহ ফারুক মালটি পারপাস হলে ‘অ্যান ইভিনিং টু রিমেম্বার’ প্রতিপাদ্যে বিশেষ এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলন, পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য মেগা রিউনিয়নের লোগো উন্মোচন, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন, ভলান্টিয়ারদের মাঝে সনদ বিতরণ, উচ্চ শিক্ষার্থে বিদেশে অধ্যায়নের জন্য অ্যালামনাইকে স্কলারশিপ হস্তান্তর এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. আশরাফুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ রাফিক হাসান। এছাড়াও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক, সচিব কানিজ মওলা, দেওয়ান রাশিদুল হাসান, ড. শরীফুল ইসলামসহ সিনিয়র অ্যালামনাইরা বক্তব্য রাখেন। বক্তারা আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য রিইউনিয়ন সফল করার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পাশাপাশি বিভাগের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে ইন্ডাস্ট্রির লিংকেজ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এমএমএ’র প্রেসিডেন্টের সঙ্গে চা ও ফেলোশিপের আয়োজন ছিল। এর মাধ্যমে বিভিন্ন প্রজন্মের মার্কেটিং অ্যালামনাইদের মধ্যে মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।
আয়োজকরা জানান, ‘টি উইথ প্রেসিডেন্ট’ শুধু একটি পুনর্মিলনী অনুষ্ঠান নয়; বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও শক্তিশালী করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় অ্যালামনাই কমিউনিটি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
কেএম
