নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। শহরের নিচা বাজারের একটি পোশাকের দোকান থেকে ল্যাপটপসহ ব্যাগটি উদ্ধার করা হয়।
রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নিচা বাজারের নুর গার্মেন্টস নামের দোকান থেকে ল্যাপটপসহ ব্যাগটি উদ্ধার করা হয়। রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। তবে ব্যাগে থাকা ক্যামেরাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন ক্রিল ল্যান্ডার। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে ক্রিল ল্যান্ডার নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি।
চুরি হওয়া ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল বলে জানিয়েছিলেন ওই জার্মান পর্যটক।
এ ঘটনায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে ধরিয়ে দিতে সহায়তা করতে কিংবা এ-সংক্রান্ত কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
বিআলো/শিলি