বাগেরহাটের শরণখোলার সুন্দরবন-সংলগ্ন সোনাতলা গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে সোনাতলা গ্রামের ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্য লতিফ হাওলাদার তার বাড়ির পেছনে ভোলা নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিটিআরটির দলনেতা মো. জাকারিয়া হোসাইন জানান, সকালে স্থানীয় সদস্য লতিফ হাওলাদার তার বাড়ির পেছনে ভোলা নদীর চরে বাঘের তাজা থাবার ছাপ দেখতে পেয়ে দ্রুত বন বিভাগ ও ভিটিআরটি টিমকে খবর দেন। খবর পাওয়ার পর দুপুরে শরণখোলা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বনরক্ষী ও ভিটিআরটি সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে নদীর চরজুড়ে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে বাঘটির বিচরণের স্পষ্ট চিহ্ন এবং তা সুন্দরবনের দিকে চলে যাওয়ার দিকচিহ্ন দেখা যায়।
তিনি আরও জানান, বনের এত কাছাকাছি লোকালয়ে বাঘের অস্তিত্বের প্রমাণ পেয়ে সোনাতলা গ্রামের অধিবাসীদের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে। লোকজনকে সতর্ক ও সচেতন করতে এলাকায় ইতোমধ্যে বন বিভাগ ও ভিটিআরটির পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছে।
বন কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, বাঘটি রাতের কোনো একসময় ভোলা নদী সাঁতরে লোকালয়ে ঢুকে পড়েছিল। তবে পায়ের ছাপ পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া গেছে যে বাঘটি আবার নদীর চর পেরিয়ে সুন্দরবনের গহিন বনে ফিরে গেছে। এলাকার জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিতে বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের সার্বক্ষণিক টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শেখ শামীম হাসান/আরএএস
