প্রকাশিত: ১৬:৩৭, ১২ অক্টোবর ২০২৬
মেহেরপুর সংবাদাতা || রাইজিংবিডি.কম
বাবাকে হত্যার পর শাহাবুল পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন
মেহেরপুরের সদর উপজেলায় ছেলে শাহাবুলের হাতে বাবা হাবেল (৬০) খুন হয়েছেন। আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে নিজ ঘরে ধারালো ডাসা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে সাহাবুল নিজে সদর থানায় হাজির হয়। পুলিশ বলছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, দুই বছর আগে হাবিলের স্ত্রী মারা যায়। তারপর থেকে তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন। এতে বাধ সাধে ছেলে সাহাবুল। এতে জমি নিয়ে বিরোধ শুরু হয়।
সকালে সাহাবুল জানতে পারেন, তাদের জমি গোপনে একজনকে বর্গা দিয়েছেন তার বাবা। এ নিয়ে দ্বন্দ্বে ধারালো ডাসা দিয়ে ঘুমন্ত বাবার গলায় কোপ মারেন। এতে হাবেল মারাত্মক জখম হন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশের দল ঘটনাস্থলে যায়। পরে সাহাবুল নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
ওসি হুমায়ুন কবীর বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের ধরে হাবেলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর পেছনের ঘটনা জানা যাবে।
